প্যারা সুইমিং কম্পিটিশন ও সিলেকশন ক্যাম্প

29 Jun 2026
প্যারা সুইমিং কম্পিটিশন ও সিলেকশন ক্যাম্প

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে ১ম বাংলাদেশ প্যারা গেমস ২০২৬ আয়োজন করা হয়েছে। এ আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান প্যারা গেমস ২০২৬ সহ অন্যান্য আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য যোগ্য খেলোয়াড় নির্বাচন ও তাদের নিবিড় পরিচর্যার মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করা। দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করা এবং প্যারা স্পোর্টসের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করাও এই গেমসটির উদ্দ্যেশ্য।

প্রস্তাবিত গেমসে প্যারা আর্চারি, প্যারা অ্যাথলেটিক্স, প্যারা ব্যাডমিন্টন, প্যারা সুইমিং, ও প্যারা টেবিল টেনিস অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে প্যারা সুইমিং এ ৯২ জন রেজিস্ট্রেশনকৃত প্যারা অ্যাথলেট সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স-এ কম্পিটিশন ও সিলেকশন কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী, নারী, পুরুষ এবং হুইলচেয়ার (WC) ক্যাটাগরিতে একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

দৃষ্টি প্রতিবন্ধী বিভাগে ৫০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে সাগর ইসলাম ০০:৪৫:৬৪ সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। রাফিউল ইসলাম দ্বিতীয় এবং সবুজ মিয়া তৃতীয় স্থান লাভ করেন। নারী বিভাগের ৫০ মিটার ফ্রি স্টাইলে সুমাইয়া ০০:৫১:৯৫ সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। রজনী খাতুন দ্বিতীয় এবং শামলী তৃতীয় স্থান লাভ করেন।

নারী বিভাগের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সুমাইয়া আক্তার ০১:২২:১১ সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন। আফরোজা আমিন দ্বিতীয় এবং লুৎফা আমিন তৃতীয় স্থান অর্জন করেন। পুরুষ বিভাগের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে মোঃ শহিদুল্লাহ ০০:৪২:৭৮ সময় নিয়ে চ্যাম্পিয়ন হন। মোঃ সোহেল দ্বিতীয় এবং পল্লব কর্মকার তৃতীয় স্থান লাভ করেন।

পুরুষ বিভাগের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক প্রতিযোগিতায় প্রদীপ কুমার ০০:৫২:২৩ সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। সোলায়মান দ্বিতীয় এবং মোঃ সোহেল তৃতীয় স্থান লাভ করেন। একইভাবে পুরুষ বিভাগের ৫০ মিটার ফ্রি স্টাইলে মোঃ সোহেল ০০:৩৩:০০ সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। মোঃ শহিদুল্লাহ দ্বিতীয় এবং পল্লব কর্মকার তৃতীয় স্থান অধিকার করেন।

হুইলচেয়ার (WC) বিভাগের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে আবু রায়হান ০১:৩২:৩৮ সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন এবং সোহাগ মিয়া দ্বিতীয় স্থান লাভ করেন। ৫০ মিটার ফ্রি স্টাইল (WC) ইভেন্টে আবু রায়হান পুনরায় প্রথম স্থান অধিকার করেন। সোহাগ মিয়া দ্বিতীয় এবং মোঃ তানভীর তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক (WC) প্রতিযোগিতায় আবু রায়হান ০১:১৬:৪৬ সময় নিয়ে প্রথম স্থান লাভ করেন এবং মোঃ তানভীর দ্বিতীয় স্থান অর্জন করেন।

উল্লেখ্য, এই প্রতিযোগিতা দেশের প্যারা সাঁতারের বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সুইমিং কম্পিটিশন ও সিলেকশন ক্যাম্প শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম, সহ-সভাপতি, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ ও যুগ্ম কমিশনার, বাংলাদেশ পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোশারফ হোসাইন চৌধুরী, চেয়ারম্যান, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জনাব মোঃ মাহবুবুর রহমান (শাহীন), সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুইমিং ফেডারেশন। সভাপতিত্ব করেন ড মারুফ আহমেদ মৃদুল, মহাসচিব, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ সানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন জনাব মোঃ হেদায়তুল আজিজ, নির্বাহী সদস্য, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ ও হুইলচেয়ার ব্যবহারকারী মিডিয়া ব্যক্তিত্ব।

গেমসেটির মাধ্যমে প্যারা ক্রীড়াবিদদের সক্ষমতা বিকাশ, সামাজিক অন্তর্ভুক্তি, প্যারা স্পোর্টসে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সুসংগঠিত পাইপলাইন তৈরি সম্ভব হবে। পাশাপাশি এটি দেশব্যাপী ইতিবাচক আলোড়ন সৃষ্টি, প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামগ্রিক ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশব্যাপী ইতিবাচক আলোড়ন সৃষ্টি, প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ক্রীড়াবিদদের সক্ষমতা ও ঘাটতি নিরূপণ, এবং আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার সুযোগ সৃষ্টি।