১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬

29 Jun 2026
১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬

দেশের প্যারা স্পোর্টসের সার্বিক উন্নয়ন, প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় প্রস্তুতের লক্ষ্যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং -এর যৌথ উদ্যোগে "১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬" আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই আয়োজনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হকের সার্বিক দিক নির্দেশনায় আয়োজিত হচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সম্মানীত সংসদ সদস্য ও উইমেন ইন স্পোর্টস কমিটি, এনপিসি বাংলাদেশের সভাপতি, মাহমুদা হাবিবা, সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি অ্যান টেইলর ও ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস জেরিন করিমসভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম, ১ম বাংলাদেশ প্যারা গেমস ২০২৬ আয়োজক কমিটির চেয়ারম্যান, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার। স্বাগত বক্তব্য প্রদান করেছেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল। এছাড়া সকল ক্রীড়া সংগঠনের সদস্য, কোচ, নীতিনির্ধারকবৃন্দ, দেশবরেণ্য ক্রীড়াবিদ এবং প্রতিবন্ধিতা-বিষয়ক বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে ৫০০-এর অধিক প্যারা অ্যাথলেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার এ আয়োজনে অংশগ্রহণ করেছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সকল প্যারা অ্যাথলেটসহ আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে প্যারা স্পোর্টসের উন্নয়নে সার্বিক সহযোগিতা করেবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্যারা স্পোর্টস উন্নয়নের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অবগতি ও পরিকল্পনার বিষয়েও জানান।

আয়োজক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম তার বক্তব্যে সারা দেশব্যাপী ট্যালেন্ট হান্টের মাধ্যমে প্যারা অ্যাথলেট নির্বাচন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের অ্যাথলেট প্রস্তুতকরণের পরিকল্পনা ব্যক্ত করেন। একইভাবে বিএনপির রাষ্ট্র গঠনের ৩১ দফার সাথে প্যারা স্পোর্টসের সম্পৃক্ততা ব্যক্ত করে ভবিষ্যতে সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই কার্নিভালের অংশ হিসেবে আগামী ১৫ মে ২০২৬ ইং তারিখে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে "১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬" এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হবে।

এই কার্নিভালের অংশ হিসেবে, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে “বাংলাদেশ প্যারা গেমস ২০২৬” আয়োজনের প্রস্তাব করা হয়েছে, যার সম্ভাব্য সময় মে ২০২৬। এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হবে। এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান প্যারা গেমস ২০২৬ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য যোগ্য খেলোয়াড় নির্বাচন এবং তাদের নিবিড় প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করা। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম তৈরি এবং প্যারা স্পোর্টসের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য। প্রস্তাবিত গেমসে প্যারা আর্চারি, প্যারা অ্যাথলেটিক্স, প্যারা ব্যাডমিন্টন, বোচিয়া, প্যারা সুইমিং, এবং প্যারা টেবিল টেনিস অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং-এর উদ্যোগে “বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং ক্রিকেট কার্নিভাল ২০২৬” আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট, হুইলচেয়ার ক্রিকেট এবং ব্লাইন্ড ক্রিকেট—এই তিনটি বিশেষ ক্রীড়াক্ষেত্র থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় দল গঠন করা হবে। বিসিবি কর্তৃক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের মনোনীত ৯১ জন এবং হুইলচেয়ার ক্রিকেটের মনোনীত ৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে; অপরদিকে ব্লাইন্ড ক্রিকেট সকল আগ্রহী খেলোয়াড়ের জন্য উন্মুক্ত থাকবে।

 

সংশ্লিষ্ট তথ্যের জন্য যোগাযোগ: ০১৭৭৭১৩১৫১৭ (ড. মারুফ আহমেদ মৃদুল)